নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভা এলাকায় গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগে বাসন্তী থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১৯টি গরু উদ্ধার করা হয়। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে দাবি, উদ্ধার হওয়া গরুগুলিকে বাংলাদেশ সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও পাচারের চূড়ান্ত গন্তব্য এবং ঘটনার সঙ্গে কারা যুক্ত, তা তদন্তসাপেক্ষ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
উদ্ধার হওয়া ১৯টি গরুর রক্ষণাবেক্ষণ ও খাবারের ব্যবস্থা করতে এগিয়ে আসেন বাসন্তী ব্লকের বিজেপি কনভেনার প্রদীপ সরদার। তাঁর উদ্যোগে গরুগুলির নিরাপদে থাকার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাদের নিয়মিত খাবার ও প্রয়োজনীয় সেবা-শুশ্রূষার ব্যবস্থাও করা হচ্ছে বলে দাবি তাঁর।
প্রদীপ সরদার বলেন, গরু রক্ষা করা তাঁদের কাছে ধর্মীয় ও সামাজিক দায়িত্বের বিষয়। উদ্ধার হওয়া গরুগুলি যাতে ফের পাচারকারীদের হাতে না পড়ে, সে বিষয়ে এলাকার মানুষকেও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
তাঁর দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী গরু পাচার রুখতে বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। পুলিশ প্রশাসন এবং বিএসএফও সীমান্ত এলাকায় সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। আগের তুলনায় পাচারকারীদের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা বেড়েছে বলেও দাবি তাঁর।
প্রদীপ সরদার আরও বলেন, গরু পাচারের সঙ্গে কেউ যুক্ত থাকলে দল-মত নির্বিশেষে প্রশাসনের উচিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে, তার জন্য পুলিশ-প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক ও সক্রিয় থাকার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।
উদ্ধার হওয়া ১৯টি গরুকে কেন্দ্র করে এখন পুলিশের তদন্ত কোন দিকে এগোয় এবং পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, সেদিকেই নজর রয়েছে।