নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: আসানসোলের কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর MVI দফতরে আচমকা পরিদর্শনে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। বৃহস্পতিবার রামপুরের MVI অফিসে গিয়ে দফতরের বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি MVI দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন পরিবহণমন্ত্রী।
তবে সম্প্রতি বিতর্কের কেন্দ্রে রয়েছে এই রামপুর MVI দফতর। কয়েক দিন আগেই এই দফতরের দুই আধিকারিককে তোলাবাজির অভিযোগে গোয়েন্দা দফতর গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। বর্তমানে ওই দুই আধিকারিক আসানসোল জেলে রয়েছেন।
এই পরিস্থিতিতে পরিবহণমন্ত্রীর আচমকা MVI দফতর পরিদর্শন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। দফতরের কাজকর্ম, অভিযোগ এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
রামপুর MVI দফতরকে ঘিরে ওঠা অভিযোগের তদন্তের মধ্যেই মন্ত্রীর এই পরিদর্শন নতুন করে চর্চার জন্ম দিয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না।
পরিবহণ দফতরের পরিষেবা ও স্বচ্ছতা নিয়ে আগামী দিনে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর থাকবে।