নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : ভবানী ভবনে তৃণমূল নেতা সুমিত রায়ের হাজিরাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষ্ণুপুরের বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) সুমিত রায়কে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করেছেন, যা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভবানী ভবনে অনুষ্ঠিত বৈঠকে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন বিষ্ণুপুরের তৃণমূল নেতা সুমিত রায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস কটাক্ষ করে বলেন, “ইঁদুরের গর্তে যেমন ফিনাইল দিলে ইঁদুর বেরোয়, তেমন বেরিয়েছে।”
এতেই থেমে না থেকে তিনি আরও বলেন, “ওর মৃত্যুদণ্ড হওয়া উচিত। অন্তত সারা জীবনের গ্যারেজ তো হোক।” এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বিষ্ণুপুর-সহ রাজ্যের রাজনৈতিক মহলে।
বিজেপি নেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভবানী ভবনে সুমিত রায়ের আগাম উপস্থিতিকে কেন্দ্র করেই এই তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন অভিজিৎ দাস।
যদিও এই বক্তব্যের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।