Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
মোদীর জন্মদিনে ঘরে ঘরে ‘আশীর্বাদের প্রদীপ’, আহ্বান শমীক ভট্টাচার্যের   •   মোদীর জন্মদিনে ঘরে ঘরে ‘আশীর্বাদের দীপ’, আহ্বান সুকান্ত মজুমদারের   •   শুধু নিজের বাড়ি নয়, চারপাশও পরিষ্কার রাখার বার্তা অগ্নিমিত্রা পালের   •   ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা রাজেশ মাহাতোর, প্রাণী ও মৎস্য ক্ষেত্রে নতুন সম্ভাবনার কথা   •   মানুষের আয় বাড়াতে হবে, ভালো পরিষেবার জন্য ভাড়াও বাড়ানো উচিত: দিলীপ ঘোষ   •   পার্টি দপ্তরে হামলার অভিযোগে বিজেপিকে নিশানা, আরও জোরালো প্রতিবাদের হুঁশিয়ারি

৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা ব্যালেন্স! দিনমজুরের স্ত্রীর অ্যাকাউন্টে রহস্যময় অঙ্ক, আতঙ্কে পরিবার

02 Aug 2026
03:36 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এক রহস্যময় ব্যাংক লেনদেনকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দিনমজুর পরিবারের গৃহবধূ কাশ্মীরা শেখের ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করেই ৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা ব্যালেন্স দেখানোর ঘটনায় উদ্বেগে দিন কাটছে গোটা পরিবারের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কুলতলির কুন্দখালি অঞ্চলের কীর্তনখোলা গ্রামের বাসিন্দা কাশ্মীরা শেখের স্বামী কলকাতায় মানি ব্যাগ তৈরির কাজ করে সংসার চালান। সম্প্রতি গ্যাস বুকিংয়ের পর ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গিয়েই কাশ্মীরা দেখতে পান, তাঁর অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা জমা রয়েছে। এমন অস্বাভাবিক ব্যালেন্স দেখে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা কার্যত হতবাক হয়ে পড়েন।

ঘটনার পর কাশ্মীরা শেখ ও তাঁর স্বামী বিষয়টি জানাতে স্থানীয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জামতলা শাখায় যান। পরিবারের অভিযোগ, বিষয়টি জানানো হলেও ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনও স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে তাঁদের বাড়ি ফিরে যেতে বলেন।

পরিবারের আরও দাবি, বর্তমানে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনও বন্ধ রয়েছে। শুধু রহস্যময় ওই বিপুল অঙ্কের টাকা নয়, নিজেদের জমানো অর্থও তুলতে পারছেন না তাঁরা। ফলে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে দিনমজুরের পরিবার।

এই বিপুল অর্থ কীভাবে অ্যাকাউন্টে প্রতিফলিত হল, এটি কোনও প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। পরিবার দ্রুত সমস্যার সমাধান এবং ব্যাংকের পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যার দাবি জানিয়েছে। ব্যাংকের আনুষ্ঠানিক তদন্ত ও ব্যাখ্যার পরেই প্রকৃত কারণ সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

news home ads