নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কলকাতা মেট্রোর ব্লু লাইনে নিউ গড়িয়া তথা কবি সুভাষ স্টেশনকে ঘিরে এল বড় আপডেট। মেট্রো সূত্রে খবর, ২০২৭ সালের জানুয়ারি থেকে কবি সুভাষ স্টেশনে ফের খালি রেক রিভার্সাল শুরু হতে পারে। অর্থাৎ যাত্রী নামিয়ে খালি মেট্রো রেক কবি সুভাষে নিয়ে গিয়ে সেখানেই ট্রেনের দিক পরিবর্তন করে ফের দক্ষিণেশ্বরমুখী লাইনে পাঠানোর ব্যবস্থা ফিরতে পারে।
২০২৫ সালের ২৮ জুলাই কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের স্তম্ভে ফাটল ধরা পড়ার পর সেখানে যাত্রী পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনকে ব্লু লাইনের দক্ষিণ প্রান্ত হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেখানে রেক রিভার্সালের স্থায়ী ব্যবস্থা না থাকায় খালি রেককে কবি সুভাষ পর্যন্ত নিয়ে গিয়ে ঘুরিয়ে ফেরত আনতে হচ্ছিল।
২০২৬ সালের মে মাসে শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সালের ব্যবস্থা তৈরির কাজও করা হয়েছে। এই ব্যবস্থার ফলে ট্রেন পরিচালনায় সময়সূচি মেনে চলার ক্ষেত্রে কিছুটা সুবিধা তৈরি হয়েছে।
তবে কবি সুভাষ স্টেশনের পুনর্নির্মাণের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। মেট্রো কর্তৃপক্ষ স্টেশনটির প্ল্যাটফর্ম ও কাঠামো নতুন করে তৈরি করছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে সেখানে খালি রেক রিভার্সাল শুরু হলে পিক আওয়ারে অতিরিক্ত কয়েকটি ট্রেন চালানোর সুযোগ তৈরি হতে পারে বলে মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন।
ফলে নতুন এই ব্যবস্থায় কবি সুভাষ, শহিদ ক্ষুদিরাম এবং ব্লু লাইনের যাত্রীদের মেট্রো পরিষেবায় কী ধরনের পরিবর্তন আসে, সেদিকেই এখন নজর।