নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : আসানসোল রেল স্টেশনের সামনে বাস দাঁড় করানো নিয়ে সমস্যা এবং প্রতি ট্রিপে ৫০ টাকা করে তোলা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বর্ণপুর বাসস্ট্যান্ড থেকে বাস পরিষেবা বন্ধ করে দিলেন বাস চালকরা। এর জেরে সোমবার সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বাস চালকদের অভিযোগ, বর্ণপুর থেকে আসানসোল রেল স্টেশনে যাতায়াতকারী বাসগুলিকে স্টেশনের সামনে নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না। বাস দাঁড় করাতে গেলে প্রতি ট্রিপে ৫০ টাকা করে দিতে হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। চালকদের দাবি, আগে স্টেশনের সামনে বাস দাঁড়ানোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড ছিল। বর্তমানে সেখানে নিয়মের পরিবর্তে মনমতো টাকা আদায় করা হচ্ছে।
চালকদের আরও অভিযোগ, এই বিষয়টির প্রতিবাদ করতে গেলে বাসকর্মীদের সঙ্গে গালিগালাজ ও মারধরের ঘটনাও ঘটছে। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বাসকর্মীদের মধ্যে।
অন্যদিকে, আসানসোলের ১৩ নম্বর মোড়ে বাস দাঁড় করানোর চেষ্টা করলেও আরপিএফ কর্মীরা এসে বাসকর্মীদের সেখান থেকে সরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন চালকরা।
বাস চালকদের বক্তব্য, বর্তমানে টোটো ও অটোর দাপটে এমনিতেই বাসের যাত্রী ও আয় কমেছে। তার ওপর প্রতিটি ট্রিপে ৫০ টাকা করে অতিরিক্ত দিতে হলে বাস চালিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে বাস পরিষেবা চালু করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তাঁরা।
বাস চালকদের এই ধর্মঘটের ফলে বর্ণপুর থেকে আসানসোলগামী নিত্যযাত্রী ও সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। বিশেষ করে কর্মস্থল ও অন্যান্য জরুরি কাজে যাওয়া যাত্রীদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে।
সমস্যার স্থায়ী সমাধান এবং বাস দাঁড়ানোর নির্দিষ্ট ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বাস চালকরা। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তে তাঁরা অনড় বলে জানা গিয়েছে।