নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: বাসন্তীর রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে রাজা গাজী। সম্প্রতি তাঁর গ্রেফতারের পর তাঁর রাজনৈতিক পরিচয়, প্রভাব এবং দীর্ঘদিনের কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, একসময় শাসকদলের প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন রাজা গাজী। সেই রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়েই এলাকায় নিজের প্রভাব বিস্তার করেছিলেন তিনি।
বিজেপির দাবি, রাজা গাজী বাসন্তী পঞ্চায়েতের কর্মদক্ষতা এবং বাসন্তীর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তৃণমূলের এসসি-এসটি সেলের নেতৃত্বের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি বিজেপি নেতৃত্বের। বাসন্তীর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমান গাজী-র সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে।
বিজেপির আরও অভিযোগ, রাজা গাজীকে তৎকালীন সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের সঙ্গে যোগাযোগ থাকা ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত করা হতো। সেই পরিচিতি ও রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তিনি ক্রমশ নিজের প্রভাব বাড়িয়েছিলেন বলেও দাবি বিজেপির।
রাজা গাজীর বিরুদ্ধে তোলাবাজি, সন্ত্রাস, জমি দখল এবং গরু পাচারের মতো একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেছে বিজেপি।
ভোট-পরবর্তী সময়ে রাজা গাজী বাসন্তী এলাকা থেকে কার্যত বেপাত্তা হয়ে গিয়েছিলেন বলেও বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। সম্প্রতি তাঁর গ্রেফতারের পর পুরনো রাজনৈতিক সমীকরণ এবং তাঁর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির যোগাযোগের বিষয়টি ফের সামনে এসেছে।
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আমান গাজী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে পরিচিত কয়েকজন ব্যক্তি বিজেপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরেও বাসন্তীর রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশেষ করে অতীতে যাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বা রাজনৈতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন উঠেছিল, তাঁদের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়েও নজর রয়েছে।
বিজেপি সূত্রে জানানো হয়েছে, দলের কোনও কর্মী বা নেতা যদি বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে কোনওভাবে জড়িত থাকার প্রমাণ পান, তাহলে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির মাধ্যমে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজেপির বক্তব্য, নাম নিতে অনিচ্ছুক প্রকাশ 2026 সালে কোন এক বিজেপি প্রার্থী রাজনৈতিক পরিচয় কোনওভাবেই বেআইনি কর্মকাণ্ডের ঢাল হতে পারে না। দলের সঙ্গে যুক্ত কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, রাজা গাজীকে ঘিরে ওঠা অভিযোগ এবং তাঁর রাজনৈতিক যোগাযোগ নিয়ে বিজেপির পক্ষ থেকে একাধিক দাবি করা হলেও, সংশ্লিষ্ট তৃণমূল নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
রাজা গাজীর গ্রেফতার এবং তাঁকে ঘিরে পুরনো অভিযোগের প্রেক্ষিতে এখন তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর বাসন্তীর রাজনৈতিক মহলের।