নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : পথ নিরাপত্তা আরও জোরদার করতে মঙ্গলবার নিয়ামতপুর নিউ রোডে বিশেষ যৌথ অভিযান চালাল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এবং নিয়ামতপুর সাব-ট্রাফিক বিভাগ। নিয়ামতপুর সাব-ট্রাফিক বিভাগের আধিকারিক মৃণাল কান্তি মুর্মুর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মূল লক্ষ্য ছিল ড্রিংক অ্যান্ড ড্রাইভ এবং বিনা হেলমেটে মোটরবাইক চালানো রোধ করা।
অভিযান চলাকালীন নিয়ামতপুর নিউ রোডে একাধিক যানবাহন থামিয়ে চালকদের নথিপত্র পরীক্ষা করা হয় এবং ব্রেথ অ্যানালাইজারের মাধ্যমে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়। পুলিশের দাবি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে কয়েকজন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর অভিযোগে একাধিক চালকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতাতেও জোর দেন পুলিশ ও ট্রাফিক আধিকারিকরা। অভিযানের সময় চালকদের হেলমেট ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, গতি নিয়ন্ত্রণে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো শুধু চালকের নিজের জীবনকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং অন্যান্য পথচারী ও যানবাহন চালকদের নিরাপত্তাকেও বিপন্ন করে। একইভাবে হেলমেট ছাড়া বাইক চালালে দুর্ঘটনার সময় প্রাণহানির আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।
কয়েক ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযানের ফলে এলাকায় যানচালকদের মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান চালানো হলে ট্রাফিক আইন ভঙ্গের প্রবণতা অনেকটাই কমবে।
পুলিশ সূত্রে খবর, আগামী দিনেও ড্রিংক অ্যান্ড ড্রাইভ, হেলমেটবিহীন বাইক চালানো এবং অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।