Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলখাবারে রাখতে পারেন বেরি, চিয়া সিড ও বাদাম   •   ভিটামিন ডি ও ঘুম: সঠিক মাত্রা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ   •   টেস্টে সাফল্যই এখন ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য   •   ধানের চারা রোপণে দূরত্ব না মানায় কমতে পারে ফলন, সতর্ক কৃষি বিশেষজ্ঞরা   •   আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষে ময়ূরেশ্বরে মহিলা কৃষকদের সম্মান, চারা ও বীজ বিতরণ   •   হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

বামনখালি বাজারে জল নিকাশির দাবিতে পথ অবরোধ, পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হল পরিস্থিতি

07 Aug 2026
09:44 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক : দীর্ঘদিনের জল নিকাশির সমস্যা এবং বাজার এলাকার আবর্জনা পরিষ্কারের দাবিতে গঙ্গাসাগরের বামনখালি বাজারে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার এলাকার কয়েকজন দোকানদার নালার পিছনে ময়লা-আবর্জনা ফেলায় প্রাকৃতিক জলনিকাশির পথ কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে যাচ্ছে এবং নদী ও খালের জল উপচে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বর্ষাকালে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করায় চরম দুর্ভোগে পড়ছেন বামনখালি গ্রামের বাসিন্দারা।

অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের জানানো হলেও দীর্ঘদিন কোনও স্থায়ী সমাধান হয়নি। ক্ষোভে ফেটে পড়ে এদিন স্থানীয় মানুষ রাস্তায় নেমে পথ অবরোধ করেন এবং দ্রুত স্থায়ী জলনিকাশির ব্যবস্থা করার দাবি জানান।

পথ অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং তাঁদের দাবি-দাওয়া শোনেন। পরে প্রশাসনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নালায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় এবং এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধুমাত্র সাময়িকভাবে নালা পরিষ্কার করলেই সমস্যার সমাধান হবে না। ভবিষ্যতে যাতে জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ে, তার জন্য স্থায়ী জলনিকাশি ব্যবস্থা এবং বাজার এলাকায় নিয়মিত আবর্জনা অপসারণের ব্যবস্থা করতে হবে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।