নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বজবজের মিঠাপুকুর ও বলরামপুর এলাকায় ভোররাতে অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের অভিযোগে শেখ জুম্মান হোসেন ও মহম্মদ সাহারুল পুরকায়েত নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে UAPA আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে ধৃতদের কী ধরনের যোগাযোগ ছিল, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সংগঠনের হয়ে তাঁরা কোনও কার্যকলাপে যুক্ত ছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
একইসঙ্গে এই নেটওয়ার্কের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের যোগাযোগ, সম্ভাব্য নেটওয়ার্ক এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
ভোররাতের এই অভিযানের পর বজবজের মিঠাপুকুর ও বলরামপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের স্বার্থে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।