নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কলকাতার রাণী রাসমণি রোডে একাধিক দাবিকে সামনে রেখে অবস্থান ও জনসমাবেশের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা, পশ্চিমবঙ্গ শাখা। কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংগঠনের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে আলু, ধান ও পাটের লাভজনক দাম নিশ্চিত করা, পর্যাপ্ত সারের যোগান বজায় রাখা এবং সারের কালোবাজারি বন্ধ করা। পাশাপাশি ১০০ দিনের কাজের প্রকল্প ‘মনরেগা’ পুনর্বহাল, বছরে ২০০ দিন কাজ এবং দৈনিক ৭০০ টাকা মজুরির দাবিও তোলা হয়েছে।
নির্বাচন ব্যবস্থাকে ঘিরেও একাধিক দাবি সামনে এনেছে সংযুক্ত কিষাণ মোর্চা। সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি SIR প্রক্রিয়ায় বাদ পড়া সমস্ত বৈধ ভোটারের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে।
এছাড়াও কৃষি ঋণ মকুব, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং রেশন ছাঁটাই প্রত্যাহার-সহ একাধিক দাবি রয়েছে কর্মসূচির তালিকায়।
সংগঠনের বক্তব্য, কৃষক ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার সঙ্গে যুক্ত এই দাবিগুলি নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই কলকাতায় অবস্থান ও জনসমাবেশের আয়োজন করা হয়েছে। রাণী রাসমণি রোডের এই কর্মসূচিকে ঘিরে বিভিন্ন কৃষক ও গণসংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।