নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: আলিপুরদুয়ারে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকা ‘ডুয়ার্স কন্যা অভিযান’ ঘিরে উত্তেজনা ছড়াল। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ হামলা চালায় এবং আন্দোলনকারীদের বাধা দেওয়া হয়। ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে মহিলা সমিতি।
সোমবার আলিপুরদুয়ারে জেলাশাসকের দফতর ‘ডুয়ার্স কন্যা’ অভিমুখে মিছিল করে গণতান্ত্রিক মহিলা সমিতি। সংগঠনের মূল দাবির মধ্যে ছিল SIR প্রক্রিয়া বাতিল করা এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা। একইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলা হয়।
মিছিল ডুয়ার্স কন্যার সামনে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে। তবে সংগঠনের পক্ষ থেকে ঘটনাটিকে পুলিশের ‘বর্বরোচিত আক্রমণ’ বলে অভিযোগ করা হয়েছে।
মহিলা সমিতির নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় অভিযোগ করেন, মানুষের ভোটাধিকার নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। SIR বাতিল করে বাদ পড়া সমস্ত নাম ভোটার তালিকায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, গণতান্ত্রিকভাবে নিজেদের দাবি জানাতে আসা মহিলাদের উপর পুলিশি বাধা ও বলপ্রয়োগের ঘটনা নিন্দনীয়। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড ভাঙার চেষ্টা ঠেকাতেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।