Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা, কৃষকদের বিশেষ পরামর্শ   •   আইআইটি খড়গপুরে পশ্চিমবঙ্গে ‘ন্যাশনাল অয়েল মিশন’-এর সূচনা, কৃষকদের আয় বৃদ্ধিতে জোর   •   কলকাতা লিগ জয়ের উদযাপন, মোহনবাগান ক্লাবে পতাকা উত্তোলন   •   কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে নকশালবাড়িতে মাটি পরীক্ষাগার ও প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন   •   ইকো পার্কে বাজেয়াপ্ত অবৈধ নেশাজাতীয় দ্রব্য ধ্বংস, ‘নেশামুক্ত ভারত–২০২৯’-এর লক্ষ্যে কর্মসূচি   •   ময়নাগুড়িতে পুলিশের বড় সাফল্য, ৮৮০ কেজি অবৈধ মদ উদ্ধার

মদের দোকান বন্ধের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ পুলিশের আশ্বাসে উঠল অবরোধ

22 Sep 2026
07:25 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: গ্রামের মধ্যে থাকা মদের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের দাবিতে সরব হলেন দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকার বাসিন্দারা। ফলতা থানার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের বকুলতলা গ্রামের একটি মদের দোকানকে ঘিরে দীর্ঘদিন ধরে সমস্যার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

গ্রামবাসীদের অভিযোগ, বসতিপূর্ণ এলাকার মধ্যে মদের দোকান থাকায় বিশেষ করে মহিলা ও স্কুল-কলেজের পড়ুয়াদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। রাস্তা দিয়ে যাতায়াতের সময় মহিলাদের কটূক্তির শিকার হতে হয় বলেও অভিযোগ করেছেন তাঁরা। তাঁদের দাবি, এই পরিস্থিতির কারণে এলাকার পরিবেশ এবং যুব সমাজের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

মদের দোকানটি বন্ধের দাবিতে এর আগে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার, আবগারি দফতরের আধিকারিকদের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। তাঁদের বক্তব্য, একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি।

এরপর ক্ষুব্ধ হয়ে এলাকার একদল মহিলা মদের দোকান বন্ধের দাবিতে পথে নামেন। বকুলতলা-মল্লিকপুর সড়কে দীর্ঘক্ষণ অবরোধও করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফলতা থানার পুলিশ। পুলিশের সঙ্গে প্রতিবাদী মহিলাদের বাকবিতণ্ডাও হয় বলে জানা গিয়েছে।

পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে গ্রামবাসীদের দাবি, শুধু আশ্বাস নয়, ওই এলাকায় মদের দোকান স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, মদের দোকানটি বন্ধ না হলে এলাকার যুব সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াতেও সমস্যা অব্যাহত থাকবে। এই দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

এদিকে, ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ। মদের দোকানটি নিয়ে গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনিক অনুমোদন এবং অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

গ্রামবাসীদের মূল দাবি একটাই—বকুলতলা এলাকা থেকে মদের দোকান সরিয়ে দিতে হবে। এখন প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ।