নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। চোটের কারণে নিয়মিত অধিনায়ক কুশল মেন্ডিস সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে চারিথ আসালাঙ্কাকে।
লঙ্কা প্রিমিয়ার লিগে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি মেন্ডিস। তাঁর ডান হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। একইসঙ্গে পেসার বিনুরা ফার্নান্ডোকেও পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না।
মেন্ডিসের পরিবর্তে দলে নেওয়া হয়েছে পাভান রত্ননায়েককে এবং বিনুরার পরিবর্তে জায়গা পেয়েছেন দিলশান মাদুশঙ্কা। মেন্ডিস অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ওয়ানডে সিরিজের দলে রয়েছেন।
ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ সেপ্টেম্বর সাউদাম্পটনে। দ্বিতীয় ম্যাচ ১৭ সেপ্টেম্বর কার্ডিফে এবং তৃতীয় টি-টোয়েন্টি ১৯ সেপ্টেম্বর ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে।