নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: সাত দফা দাবিতে আদিবাসী সংগঠনগুলির ডাকে বিশাল জমায়েতকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়াল রানীগঞ্জে। সম্ভাব্য বিক্ষোভ ও জাতীয় সড়ক অবরোধের আশঙ্কায় এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড বসানোর পাশাপাশি মোতায়েন করা হয়েছে কমব্যাট ফোর্স, র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) এবং কেন্দ্রীয় বাহিনীর বিশেষ দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও বজ্রযানও।
সকাল থেকেই রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় শত শত আদিবাসী মহিলা, পুরুষ এবং কিশোর-কিশোরী জড়ো হতে শুরু করেন। আন্দোলনকারীদের দাবি, জাতীয় সড়ক ধরে মিছিল করে আসানসোলের জেলাশাসকের দপ্তরে পৌঁছে তাঁদের দাবি প্রশাসনের কাছে তুলে ধরবেন তাঁরা।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—
পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের হোস্টেলে ১২টি স্থায়ী পদে অবিলম্বে নিয়োগ করতে হবে।
কাঁকসার PRMMS ইংলিশ মিডিয়াম স্কুলের ২০১৭ সাল থেকে বন্ধ থাকা ফিডার গ্র্যান্ট পুনরায় চালু করতে হবে।
জামুড়িয়ার শালডাঙায় ECL-এর OCP সম্প্রসারণের আগে আদিবাসীদের জমির পাট্টা এবং যথাযথ পুনর্বাসন প্যাকেজ দিতে হবে।
খোলামুখ কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
FRA ২০০৬ অনুযায়ী বাঁশগড়া পূর্ব গ্রামসভার স্বীকৃতির অনুমোদন দিতে হবে।
IQ City প্রকল্পে জমি হারানো ২৭টি পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
SIR ২০২৬-এ বাদ পড়া আদিবাসী ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সড়ক ধরে বড় মিছিল করা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আন্দোলনকারীদের বাসে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে আন্দোলনকারীদের একাংশ সেই প্রস্তাবে রাজি নন। তাঁদের বক্তব্য, তাঁরা পায়ে হেঁটেই জাতীয় সড়ক ধরে জেলাশাসকের দপ্তরের দিকে এগিয়ে যাবেন। ফলে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য রানীগঞ্জের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড দিয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ঘিরে রাখা হয়েছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন।
আন্দোলনকারীদের কর্মসূচি এবং প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে রানীগঞ্জে মঙ্গলবার সকাল থেকেই তৈরি হয়েছে টানটান উত্তেজনা।