নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রকল্পের টাকা না পাওয়া এবং আর্থিক সমস্যাকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
অধীর রঞ্জন চৌধুরী বলেন, “অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার। মা-বোনেরা আত্মহত্যা করছেন। অন্নপূর্ণা যোজনায় সরকার সম্পূর্ণ ফেল করেছে। এ তো বিরাট বিপর্যয়।” তাঁর বক্তব্যে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এবং তার জেরে তৈরি হওয়া সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে উপভোক্তাদের একাংশের অভিযোগ সামনে এসেছে। কোথাও টাকা না পাওয়ার অভিযোগ, আবার কোথাও আবেদন ও যাচাই প্রক্রিয়া নিয়ে সমস্যা রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিরোধীদের তরফে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে।
অধীরের অভিযোগ, শুধুমাত্র প্রকল্প ঘোষণা করলেই হবে না, প্রকৃত উপভোক্তাদের কাছে সময়মতো আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াও সরকারের দায়িত্ব। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির মহিলাদের ক্ষেত্রে এই সহায়তার গুরুত্ব বেশি বলেই মনে করেন তিনি।
অন্যদিকে, সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি এবং যোগ্য আবেদনকারীদের অর্থ দেওয়ার উদ্যোগের কথা জানানো হয়েছে। যাঁরা এখনও সুবিধা পাননি, তাঁদের আবেদন যাচাই করে যোগ্য হলে পরবর্তী পর্যায়ে অর্থ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। প্রকল্পের সুবিধা প্রত্যেক যোগ্য মহিলার কাছে কত দ্রুত পৌঁছয়, এখন সেদিকেই নজর রয়েছে।