নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : মেদিনীপুর সাংগঠনিক জেলায় অনুষ্ঠিত হল বিজেপির সাংগঠনিক প্রশিক্ষণ শিবির। শিবিরে জেলার জনপ্রতিনিধিদের পাশাপাশি দলের বিভিন্ন স্তরের প্রমুখ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দলের আদর্শ ও নীতির সঙ্গে কার্যকর্তাদের আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
প্রশিক্ষণ শিবিরে ভারতীয় জনতা পার্টির বৈচারিক অবস্থান, সাংগঠনিক দৃষ্টিভঙ্গি এবং দলের দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার কৌশল নিয়েও কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়।
শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ সংগঠনের শক্তি আরও বাড়ানোর উপর জোর দেন। তাঁর বক্তব্যে উঠে আসে, মেদিনীপুরে সংগঠনের শক্তির উপর ভর করেই দল বড় জয় অর্জন করেছে। সেই সাংগঠনিক ভিত্তিকে আগামী দিনে আরও মজবুত করার প্রয়োজন রয়েছে।
দিলীপ ঘোষের বার্তা, আরও শক্তিশালী সংগঠন, আরও নিবেদিতপ্রাণ কার্যকর্তা এবং দলের আদর্শ ও নীতির প্রতি অটুট বিশ্বাসের মাধ্যমেই আগামী দিনে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।
এদিনের প্রশিক্ষণ শিবিরে কার্যকর্তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর করা এবং সাধারণ মানুষের কাছে দলের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলাতেও দু’দিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে জেলা নেতৃত্ব, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের কার্যকর্তাদের অংশগ্রহণের কথা জানা গিয়েছে।
মেদিনীপুরের এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করে আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে কার্যকর্তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যই সামনে রাখা হয়েছে।