Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
‘সারথি’ কর্মসূচিতে হাওড়ায় ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ   •   বিশ্বকাপ লিগ-২: সংযুক্ত আরব আমিরাতের দলে দুই নতুন মুখ, ফিরলেন এক অলরাউন্ডার   •   সয়াতে কি অতিরিক্ত মাত্রায় ইস্ট্রোজেন থাকে? সাম্প্রতিক গবেষণায় কী বলা হয়েছে?   •   উলুবেড়িয়ায় বিধায়ক কার্যালয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উপস্থিত তৃণমূল নেতৃত্ব   •   দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের আগে চোটের ধাক্কা, দুই বোলারকে নিয়ে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা   •   ফেমিনা অ্যান্ড গ্রাজিয়া ফ্যাশন রানওয়ে ইস্ট ২০২৬’-এ পুরনো পেশার স্মৃতিচারণ নগরোন্নয়ন মন্ত্রীর

স্বাধীনতার আট দশক পরেও বেহাল শালবনি, নাগরিক পরিষেবার দাবিতে ক্ষুব্ধ মহাশোল কলোনির বাসিন্দারা

15 Aug 2026
10:25 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : স্বাধীনতার প্রায় আট দশক পেরিয়ে গেলেও এখনও ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মহাশোল কলোনির বাসিন্দারা। উন্নয়নের নানা দাবি-দাওয়ার মধ্যেও রাস্তা, নিকাশি, পানীয় জল ও পথবাতির মতো মৌলিক পরিষেবা না মেলায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৫৫ সালে পূর্ব পাকিস্তান থেকে আগত বাস্তুহারাদের নিয়ে এই জনপদের সূচনা। পরবর্তীতে ১৯৭১ সালে সরকারি ভাবে স্থায়ী কলোনির স্বীকৃতি পায় এলাকাটি। বর্তমানে প্রায় ২০০টি পরিবারে আনুমানিক ১,০৫০ জন মানুষের বসবাস। দীর্ঘ কয়েক দশক ধরে বসবাস করলেও তাঁদের একাধিক মৌলিক সমস্যার এখনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

বাসিন্দাদের অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক নেতা ও বিভিন্ন দলের পক্ষ থেকে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট মিটে যাওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায় না। সবচেয়ে বড় সমস্যা এলাকার যোগাযোগ ব্যবস্থা। কলোনির একাধিক কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল-কাদা জমে যায়। ফলে স্কুলপড়ুয়া, প্রবীণ ও অসুস্থ মানুষদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

নিকাশি ব্যবস্থার সমস্যাও প্রকট। স্থানীয়দের দাবি, সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নোংরা জল উপচে রাস্তায় এবং বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। পাশাপাশি পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকায় বহু বাসিন্দাকে দূর থেকে জল সংগ্রহ করতে হয়।

বিদ্যুৎ সংযোগ থাকলেও অধিকাংশ পথঘাটে স্ট্রিট লাইট বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই বলে অভিযোগ। সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা। স্থানীয়দের দাবি, এর ফলে নিরাপত্তাহীনতা বাড়ার পাশাপাশি বিষাক্ত সাপের উপদ্রবও দেখা দেয়।

দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে পাকা রাস্তা, উন্নত নিকাশি ব্যবস্থা, পর্যাপ্ত পানীয় জল এবং পথবাতির ব্যবস্থা করতে হবে।

সমস্যাগুলির দ্রুত সমাধান না হলে আগামী দিনে রাজ্য সড়ক অবরোধ-সহ বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মহাশোল কলোনির বাসিন্দারা। এখন প্রশাসন তাঁদের দাবিতে কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।