Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
সন্তানের কান্না শুনেছিলেন মা, হাসপাতালের দাবি মৃত! সদ্যোজাত কোথায়? রহস্য ঘিরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিজেপির বিক্ষোভ   •   পাঁচ বছর পর অসহায় দুই বৃদ্ধের পাশে প্রদীপ সরদার! ২০২১ সালের রাজনৈতিক হিংসার স্মৃতি উস্কে বাসন্তীর বাগমারিতে পৌঁছলেন বিজেপি কো-অর্ডিনেটর   •   স্টেরে কালিসের দুরন্ত ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে নেদারল্যান্ডসের পাঁচ উইকেটের জয়   •   বিকাশ সর্দার—সংগ্রাম, ত্যাগ আর প্রতিবাদের অন্য নাম! পদ-পদবির মোহ নয়, মানুষের পাশে থাকাই জীবনের অঙ্গীকার এক লড়াকু রাজনৈতিক কর্মী   •   জিম্বাবুয়েকে ৫১ রানে হারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন পাকিস্তানের! উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফিতে বড় জয়, ব্যাটে-বলে নজর কাড়ল পাক মহিলা দল   •   আলোর মায়াবী জগতে সেজেছে চন্দননগর! জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জায় মুগ্ধ রাজ্যবাসী, ঐতিহ্য ও শিল্পের মেলবন্ধনে রূপকথার শহর

পাঁচ বছর পর অসহায় দুই বৃদ্ধের পাশে প্রদীপ সরদার! ২০২১ সালের রাজনৈতিক হিংসার স্মৃতি উস্কে বাসন্তীর বাগমারিতে পৌঁছলেন বিজেপি কো-অর্ডিনেটর

17 Nov 2026
01:06 AM


নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : পলেস্তারা খসে পড়া ইটের দেওয়াল, টালির ছাউনি দেওয়া বাড়ি, স্যাঁতসেঁতে অন্ধকার ঘর। সেই ঘরের এক কোণে অসুস্থ শরীর নিয়ে পড়ে রয়েছেন ৬৫ বছরের বৃদ্ধ দুলাল রপ্তান। পাশে আর এক বৃদ্ধ, সঙ্গে বৃদ্ধ স্ত্রী। কুঞ্চিত চামড়ার মুখে বয়সের ছাপ, শরীরে অসুস্থতার ভার, আর চোখেমুখে বিগত দিনের অত্যাচারের যন্ত্রণা। সময় বদলেছে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কিন্তু এই দুই বৃদ্ধের জীবনের দুর্দশার ছবিটা যেন বদলায়নি। দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাঁরা। অভিযোগ, ২০২১ সালের রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সমর্থক হওয়ার কারণে তাঁদের উপর নেমে এসেছিল নির্মম অত্যাচার।

ঘটনাটি বাসন্তী বিধানসভার ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের বাগমারি ২ নম্বর পাড়ার। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেই সময় রাজনৈতিক সংঘর্ষের আবহে তৎকালীন এসসি-এসটি সেলের বাসন্তী বিধানসভার সভাপতি দিলীপ মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে দুলাল রপ্তান ও গৌড় গায়েন নামে দুই বৃদ্ধকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ, তাঁদের উপর এমনভাবে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল যে প্রাণে বেঁচে গেলেও সেই ঘটনার শারীরিক ও মানসিক ক্ষত আজও বহন করে চলেছেন তাঁরা।

দুই বৃদ্ধের অভিযোগ, তাঁদের একমাত্র অপরাধ ছিল বিজেপিকে সমর্থন করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁদের উপর বারবার হুমকি, মারধর, বাড়িঘর ভাঙচুর এবং উচ্ছেদের ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ পরিবারের। এমনকী প্রাণনাশের হুমকির মুখেও পড়তে হয়েছিল তাঁদের। তবুও নিজেদের রাজনৈতিক বিশ্বাস থেকে সরে আসেননি এই দুই প্রবীণ কর্মী-সমর্থক।

তাঁদের কথায়, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় আদর্শে বিশ্বাস রেখে লড়াই করেছেন। বহু কর্মী ও সমর্থককে সংগঠিত করার কাজেও তাঁদের ভূমিকা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি বদলালেও তাঁদের পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায়নি বলে আক্ষেপ পরিবারের।

সবুজ ঝড়ের সময় ভয়ে হোক কিংবা অন্য কোনও কারণে, তাঁদের দুর্দশার কথা প্রকাশ্যে আসেনি। বিগত পাঁচ বছর ধরে চিকিৎসা, আর্থিক অনটন এবং দৈনন্দিন জীবনযাপনের নানা সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে পরিবারগুলিকে। অভিযোগ, সেই সময় বিজেপির একাধিক নেতৃত্ব ও পদাধিকারীর কাছেও তাঁদের দুর্দশার কথা পৌঁছয়নি। এমনকী এবারের বিধানসভা নির্বাচনে বাসন্তী বিধানসভায় বিজেপির প্রার্থী বিকাশ সরদার তাঁদের সম্পর্কে কতটা অবগত ছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ।

এই পরিস্থিতিতে রবিবার রাতে হঠাৎই ওই দুই বৃদ্ধের বাড়িতে পৌঁছে যান বাসন্তী বিধানসভার বিজেপি কো-অর্ডিনেটর প্রদীপ সরদার। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় কর্মী ও নেতৃত্ব। দীর্ঘদিন ধরে কার্যত অসহায় অবস্থায় থাকা দুই প্রবীণ কর্মী-সমর্থকের বাড়িতে তাঁর এই উপস্থিতি এলাকায় নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বাড়িতে পৌঁছে প্রথমেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রদীপ সরদার। দুই বৃদ্ধের শারীরিক অবস্থা, তাঁদের চিকিৎসার প্রয়োজন, আর্থিক সমস্যা এবং দীর্ঘদিনের দুর্ভোগের কথা মন দিয়ে শোনেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করার পাশাপাশি নিজের সাধ্যমতো সহযোগিতার হাতও বাড়িয়ে দেন। আগামী দিনেও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন বিজেপির এই কো-অর্ডিনেটর।

দুই বৃদ্ধের কথায়, রাজনৈতিক জীবনে বহু অত্যাচার ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁদের। কিন্তু এতদিন তাঁদের খোঁজ নেওয়ার মতো কেউ এগিয়ে আসেননি। নিজেদের সামর্থ্য অনুযায়ী দলকে ভালোবেসে কাজ করেছেন, অথচ কঠিন সময়ে কার্যত একাই লড়াই করতে হয়েছে। তাই দীর্ঘদিন পর কোনও রাজনৈতিক নেতৃত্ব তাঁদের বাড়িতে এসে খোঁজখবর নেওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তাঁরা।

তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে বাসন্তীতে বিজেপির সংগঠন গড়ে তোলার স্বপ্ন। একসময় এই দুই বৃদ্ধের স্বপ্ন ছিল বাসন্তীর মাটিতে পদ্মফুল ফোটানো। নানা প্রতিকূলতা, রাজনৈতিক সংঘাত এবং প্রাণনাশের হুমকির মধ্যেও সেই স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে গিয়েছিলেন তাঁরা। আজ তাঁদের শারীরিক সক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। বিছানায় শুয়ে কিংবা ঘরের কোণে বসেই কাটছে দিনের পর দিন। কিন্তু নিজেদের রাজনৈতিক বিশ্বাস এবং দলের জন্য একসময় করা লড়াইয়ের স্মৃতি আজও তাঁদের মনে অমলিন।

এদিন প্রদীপ সরদার বলেন, দলের প্রকৃত সম্পদ হলেন সেই সমস্ত কর্মী, যাঁরা কোনও ব্যক্তিগত স্বার্থ ছাড়াই দলকে ভালোবেসে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের অবদান কখনও ভুলে যাওয়া উচিত নয়। তাঁর কথায়, "এই রকম অনেক কর্মী রয়েছেন, যাঁরা নিঃস্বার্থভাবে দলকে ভালোবেসে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। কর্মীরাই দলের আসল সম্পদ। তাঁদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।"

তিনি আরও জানান, এই দুই পরিবারের বর্তমান পরিস্থিতি এবং তাঁদের দীর্ঘদিনের সমস্যার কথা জানিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন। যাতে কোনওভাবেই তাঁরা সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। বিশেষ করে তাঁদের চিকিৎসা এবং আর্থিক সমস্যার বিষয়টি প্রশাসনের নজরে আনার কথা জানান।

রাজনীতির ময়দানে ক্ষমতার পালাবদল হয়, নেতা বদলান, সংগঠনের দায়িত্বও বদলে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা সাধারণ কর্মীদের দুর্দিনে তাঁদের পাশে কে দাঁড়াচ্ছেন, সেই প্রশ্নও সামনে আসে বারবার। বাসন্তীর বাগমারির এই দুই বৃদ্ধের ঘটনা সেই প্রশ্নকেই নতুন করে উস্কে দিল।

এখনও বিচার ও ন্যায়বিচারের আশায় দিন গুনছেন দুলাল রপ্তান ও গৌড় গায়েন। তাঁদের পরিবারের প্রত্যাশা, দীর্ঘদিনের দুর্দশার অবসান ঘটবে এবং চিকিৎসা ও সরকারি সহযোগিতার মাধ্যমে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তাঁরা। প্রদীপ সরদারের এই উদ্যোগ তাঁদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে, তা আগামী দিনই বলবে। তবে দীর্ঘদিনের নিঃসঙ্গতা ও অসহায়তার মধ্যে অন্তত একজন রাজনৈতিক প্রতিনিধির বাড়িতে এসে খোঁজ নেওয়া যে তাঁদের মনে কিছুটা আশার আলো জাগিয়েছে, তা স্পষ্ট।