নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ভোটার তালিকায় আমার নাম ফিরিয়ে দাও’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সিইও দফতর অভিযানের ডাক দিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (AIDWA)। ভোটার তালিকা সংশোধন এবং SIR প্রক্রিয়াকে ঘিরে একাধিক অভিযোগ তুলে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
AIDWA-র পক্ষ থেকে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় ফেরানোর পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলা হয়েছে। সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখার্জি, কনীনিকা ঘোষ, মোনালিসা সিন্হা এবং জাহানারা খান-সহ নেতৃত্ব এই দাবিগুলি সামনে রেখে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সংগঠনের অভিযোগ, SIR প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে এবং বিশেষ করে বিবাহের পর পদবি ও ঠিকানা পরিবর্তনকারী মহিলাদের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। AIDWA-র বক্তব্য, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং গোটা প্রক্রিয়া নিয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
শুক্রবার দুপুর ১২টায় ধর্মতলায় লেনিন মূর্তির সামনে জমায়েত করে সেখান থেকে সিইও দফতরের উদ্দেশে অভিযান করার কথা জানিয়েছে সংগঠন। কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোটার তালিকা সংক্রান্ত সমস্যায় থাকা মানুষদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, একই দিনে বাম ও কংগ্রেসের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের দফতরকে কেন্দ্র করে পৃথক কর্মসূচি রয়েছে। ফলে ভোটার তালিকা, SIR এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপ ও বিতর্ক আরও তীব্র হয়েছে।