নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় এবার যুক্ত হতে চলেছে নতুন প্রযুক্তি। ট্রেনের মতোই এবার মোবাইল ফোনে জানা যাবে শহরের বাসের অবস্থান এবং সম্ভাব্য পৌঁছনোর সময়। পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে কলকাতায় চালু হতে চলেছে লাইভ বাস ট্র্যাকিং পরিষেবা।
পরিবহণ দফতর সূত্রে খবর, দুর্গাপুজোর আগেই এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। নতুন ব্যবস্থায় যাত্রীরা মোবাইল থেকেই নির্দিষ্ট বাসের বর্তমান অবস্থান, গন্তব্যে পৌঁছনোর আনুমানিক সময় এবং পরবর্তী বাস কখন আসতে পারে—সেই তথ্য জানতে পারবেন।
বাসে থাকা VLTD (Vehicle Location Tracking Device) এবং বিভিন্ন সেন্সরের মাধ্যমে বাসের গতিবিধি ও অবস্থান সংগ্রহ করা হবে। সেই তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিষেবাটি পরিচালনা ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার জন্য একটি অনুমোদিত ভেন্ডর সংস্থাকে দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এর ফলে পরিকাঠামোগত খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিষেবাটি আরও মসৃণভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে পরিবহণ দফতরের আশা।
নতুন এই পরিষেবা চালু হলে কলকাতার বাসযাত্রীদের দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করার সমস্যা অনেকটাই কমতে পারে। বিশেষ করে ব্যস্ত সময়ে কোন বাস কোথায় রয়েছে এবং পরবর্তী বাস কতক্ষণ পরে আসবে, তা আগে থেকেই জানা গেলে যাত্রীদের সময় বাঁচবে।
দুর্গাপুজোর আগে পরিষেবাটি চালু করা সম্ভব হলে কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সংযোজন হতে চলেছে।