নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: আপ্তসহায়ককে গ্রেফতার করে তদন্তে বড়সড় সাফল্যের দাবি করা হলেও, এই গ্রেফতারকে ঘিরে একাধিক প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
অধীরের বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তদন্তকারী সংস্থার মাধ্যমে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন আপ্তসহায়ককে গ্রেফতার করাই তদন্তের বড় সাফল্য। কিন্তু তাঁর প্রশ্ন, “চড়াই ধরে চিল ধরার কৃতিত্ব নিলে চলবে না। আপ্তসহায়ককে যারা বানিয়েছে, তারা কোথায়?”
অধীরের দাবি, কোনও ব্যক্তিকে আপ্তসহায়ক হিসেবে নিয়োগ করা এবং তাঁর মাধ্যমে যদি কোনও অনিয়ম বা অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে শুধু সেই ব্যক্তিকে গ্রেফতার করলেই তদন্তের দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং তাঁকে কে নিয়োগ করেছিলেন, কার নির্দেশে তিনি কাজ করতেন এবং পুরো ঘটনার নেপথ্যে আর কারা রয়েছেন—সেই প্রশ্নগুলিরও উত্তর খুঁজে বের করা জরুরি।
তিনি আরও প্রশ্ন তোলেন, “যারা আপ্তসহায়ককে তৈরি করেছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?” তাঁর মতে, তদন্তের মূল লক্ষ্য হওয়া উচিত গোটা চক্রের কাছে পৌঁছনো।
অধীরের এই মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। গ্রেফতারকে কেন্দ্র করে তদন্তের পরিধি কতদূর যায় এবং নেপথ্যের ব্যক্তিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ হয় কি না, এখন সেদিকেই নজর রয়েছে।