নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: অস্ত্র দেখিয়ে হুমকি ও তোলাবাজির অভিযোগে বারুইপুরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রবি চট্টোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি এলাকায় বিজেপির কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বারুইপুর থানার এসআই অর্ঘ্য মণ্ডলের কাছে খবর আসে, মাঝেরহাট মোড়ে এক ব্যক্তি অস্ত্র নিয়ে বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছেন। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ।
পুলিশকে দেখে অভিযুক্ত রাসমাঠের দিকে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর পুলিশ পিছু ধাওয়া করে তাঁকে আটক করে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, ধৃত রবি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগেও তোলাবাজি ও গাঁজা পাচারের মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয়ভাবে আলোচনা থাকলেও, গ্রেপ্তারের কারণ হিসেবে পুলিশ অস্ত্র নিয়ে হুমকি এবং সংশ্লিষ্ট অপরাধের অভিযোগকেই সামনে রেখেছে। ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।