নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ইচ্ছা থাকলে উপায় হয়—এই কথাটিকেই যেন বাস্তবে প্রমাণ করে দেখালেন দক্ষিণ সুন্দরবনের বাসন্তীর নফরগঞ্জ অঞ্চলের ঠাকুরঘেরি গ্রামের একদল মহিলা। সরকারি অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় পাওয়া মাসিক অর্থের একটি অংশ সঞ্চয় করে এবার নিজেদের উদ্যোগে দুর্গাপূজার আয়োজন করতে চলেছেন গ্রামের প্রায় ৫০ জন গৃহবধূ।
গ্রামের মহিলাদের উদ্যোগে বিরিঞ্চিবাড়ি ঠাকুরঘেরি এলাকায় এবারের দুর্গাপূজার জন্য তৈরি হয়েছে প্রায় ২ লক্ষ টাকার বাজেট। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে প্রতি মাসে পাওয়া অর্থের কিছুটা করে সঞ্চয় করেই এই পুজোর তহবিল গড়ে তুলেছেন তাঁরা। তাঁদের কথায়, এই অর্থ তাঁদের কাছে শুধুমাত্র সংসারের হাতখরচ নয়—সঞ্চয়ের মাধ্যমে সেই অর্থই এবার পরিণত হয়েছে ঘরের মেয়ে মা দুর্গাকে বরণ করার শক্তিতে।
আজ অনুষ্ঠিত হয় শুভ খুঁটি পুজো ও উদ্বোধনী অনুষ্ঠান। পুজোর দায়িত্বে গ্রামের মহিলাদের এই অভিনব উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উৎসাহ ও আগ্রহ।
জানা গিয়েছে, এর আগে এই পুজোর দায়িত্বে ছিলেন স্বাগতা দেবশর্মা। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর চলতি বছর পুজোর দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এরপরই গ্রামের মহিলাদের হাতে পুজোর দায়িত্ব তুলে দেওয়া হয়। মহিলারাই নিজেদের মধ্যে সমন্বয় করে পুজোর আয়োজনের দায়িত্ব গ্রহণ করেন।
পুজো কমিটির এই উদ্যোগে উপস্থিত ছিলেন জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি যুব সভাপতি উৎপল দত্ত, বিধানসভার বিজেপি কনভেনার প্রদীপ সরদার, বুথ সভাপতি শ্যামসুন্দর দাস, শ্রী দাম মাইতি এবং মণ্ডল সহ-সভাপতি গণেশ গিরি-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
আয়োজকদের বক্তব্য, দেবী দুর্গার আর এক নাম অন্নপূর্ণা। তাই অন্নপূর্ণার দেওয়া অর্থ সঞ্চয় করেই এবার ঘরের মেয়েকে ঘরে ফেরানোর এই উদ্যোগ তাঁদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। আর্থিকভাবে সাধারণ পরিবারের মহিলাদের এই সম্মিলিত প্রচেষ্টা শুধু একটি দুর্গাপূজার আয়োজন নয়, বরং নিজেদের সামর্থ্য ও ইচ্ছাশক্তিরও প্রকাশ।
গ্রামের মহিলাদের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় প্রশংসার সুর শোনা যাচ্ছে। তাঁদের দাবি, প্রতিবছর নিজেদের সঞ্চয় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই পুজোকে আরও বড় করে তোলার চেষ্টা করবেন তাঁরা।
অন্নপূর্ণার সঞ্চয়ে অন্নপূর্ণারই আরাধনা—বাসন্তীর ঠাকুরঘেরিতে তাই এবারের দুর্গাপূজা হয়ে উঠেছে নারীশক্তি, সঞ্চয় ও আত্মনির্ভরতার এক অভিনব বার্তা।